Banner ads

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

 ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব


সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর গালফ নিউজের।


দেশটির চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসে চাঁদ দেখার বিষয়টি যাচাই করে এবং নিশ্চিত করে যে আজ চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ ৩০ দিন রোজা সম্পন্ন করে রমজান মাস শেষ হবে এবং তার পরদিন উদযাপিত হবে ঈদুল ফিতর।

এর কয়েক ঘণ্টা আগে দেশটির বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মেঘলা আবহাওয়ার কারণে আজ চাঁদ দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তুমাইর, সুদাইর ও আল-হারিক পর্যবেক্ষণ কেন্দ্রগুলো থেকে জানানো হয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখার সম্ভাবনা কমে গেছে। বিশেষ করে তুমাইর ও সুদাইরে আকাশ পুরোপুরি মেঘে ঢেকে থাকায় খালি চোখে চাঁদ শনাক্ত করা কঠিন হতে পারে। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে আল-হারিকেও। অন্যদিকে দাম্মাম পর্যবেক্ষণ কেন্দ্র, যে স্থান থেকে প্রথমেই চাঁদ দেখা যায়, সেখানেও মেঘলা আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করেছে।


ইসলামী শরিয়াহ অনুযায়ী নতুন মাস শুরুর জন্য চাঁদ দেখা অপরিহার্য-এই ঐতিহ্যের সঙ্গেই সিদ্ধান্তটি সামঞ্জস্যপূর্ণ।


এর আগে চলতি মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হবে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে এবং তা চার দিন পর্যন্ত চলবে। সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা হয়েছে।


মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, আগাম এই ঘোষণা দেয়ার উদ্দেশ্য ছিল কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে ছুটির সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া, যাতে জরুরি সেবা খাত সচল রেখে অন্যান্য ক্ষেত্রে কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করা যায়।



No comments

Theme images by Bim. Powered by Blogger.